গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় চার শতাধিক শ্রমিক সকালে কাজে যোগদান না করে কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এক পর্যায়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দেন তারা।

জুলেখা নামে এক নারী পোশাক শ্রমিক বলেন, বাজারে সব কিছুর দাম বেশি। দুই মাস ধরে কাজ করেও তিনি কোনো বেতন পাননি। তার পরিবার খেয়ে না খেয়ে দিন চালাচ্ছেন। এমন অবস্থায় তাদের বেতন পরিশোধ না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আজিমুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, আমাদের বেতন দ্রুত পরিশোধ করতে হবে। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিব।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করতে দেখা গেছে। দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকরা বর্তমানে কারখানার আশপাশে অবস্থান করছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ