প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী ও ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় ক্যাম্পাসের ‘বড় বোন’কে ঘিরে শুরু হয় সেলফি উৎসব, আর শিক্ষার্থীদের আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী নিজেও।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই। একসময় এই প্রতিষ্ঠানে তিনি নিয়মিত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নিতেন।
শিক্ষার্থীদের এই আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী তারেক রহমানও। তিনি নিজে থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান। এতে ক্যাম্পাসের আনন্দঘন পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের উদ্দেশে রওনা হয়। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
অনুষ্ঠানে পৌঁছে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢাকা মেডিক্যাল কলেজে দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।