ফুটপাতে চুলা, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে জরিমানা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ফুটপাতে রান্নার চুলা রেখে চলাচল বিঘ্ন করার দায়ে রাজধানীর নিউ ইস্কাটনের ‘বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার’-এর মালিককে জেল-জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ এপ্রিল) মগবাজার-বাংলামটর এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে সড়ক পরিবহন আইনে জরিমানার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করতে একাধিক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

ফুটপাত দখলের অপরাধ স্বীকার করে নেওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শ্যামল ঘোষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ এই দণ্ডাদেশ প্রদান করেন। অভিযান চলাকালে ডিএমপির রমনা জোনের এসি (ট্রাফিক) রোমানা উপস্থিত ছিলেন।

ইমরান আহমেদ বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯১ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, আমাদের মোবাইল কোর্ট ও সামারি কোর্ট একটাই। অর্থাৎ, আমরা সংক্ষিপ্ত বিচারিক আদালত একইসঙ্গে পরিচালনা করি। কেউ যদি অপরাধ করে পালিয়েও যায় এবং তথ্য-প্রমাণ রেখে যায়, সেই প্রমাণের ভিত্তিতে আমরা অপরাধীকে খুঁজে শাস্তির আওতায় আনি।

প্রসঙ্গত, ফুটপাত থেকে দোকানপাট সরাতে আজ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশের ট্রাফিক বিভাগ থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক আটটি বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে এ অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। পাঁচ দিনব্যাপী এই অভিযান পরিচালিত হবে। ঢাকা মহানগরীর সড়কের পাশে বিভিন্ন দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ