সাজানো হয়েছে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। বিশাল মঞ্চ, হাজারো দর্শকের অনুষ্ঠান দেখার ব্যবস্থা। রয়েছে কড়া নিরাপত্তা। এসব আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান ঘিরে। আজ শনিবার স্থানীয় সময় (বেলা ১১টা বাংলাদেশ সময় সাড়ে ১১ টা) এ মঞ্চেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। শপথ নেবেন নতুন রাজ্য সরকারের মন্ত্রীরা। পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকার গড়তে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে। তাই মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তাঁরই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাজ্য বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু।
আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সব বিধায়কেরা বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক ধুতি–পাঞ্জাবি পরে আসবেন। খাবারেও থাকছে বাঙালিয়ানা। থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবারসহ ঝালমুড়িও।
অনুষ্ঠানে থাকার কথা রয়েছে সাংসদ ও নতুন বিধায়কদের। কলকাতা ও দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের সব জেলা থেকে বিজেপির নেতা–কর্মীরা এরই মধ্যে কলকাতায় জড়ো হতে শুরু করেছেন।
বিজেপি সূত্রে জানা গেছে, আজ সকালে বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজে কলকাতায় পৌঁছাবেন নরেন্দ্র মোদি। এরপর তিনি সোজা অনুষ্ঠানস্থলে যাবেন।
শপথ নেওয়া শেষে নতুন মুখ্যমন্ত্রী যাবেন কলকাতার ঐতিহাসিক রাইটার্স ভবনে, রাজ্য সচিবালয়ের দপ্তরে।