ঘরের মাঠে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরুর আগে শেষ ম্যাচ খেলল ব্রাজিল। ক্লিভটনের হান্টিংটন ব্যাংক ফিল্ডে বিশ্বকাপের আরেক দল মিসরের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হলো তাদেরকে। কার্লো আনচেলত্তির দল এই প্রীতি ম্যাচে ২-১ গোলের ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে।
বিরতির ঠিক পরপরই কার্লো আনচেলত্তির দল আবারও লিড ফিরে পায়। শেষ অর্ধে নতুন করে ১১ জনকে মাঠে নামান ইতালিয়ান কোচ। হাফটাইমে বদলি নামা এন্দ্রিক ম্যাচের পার্থক্য গড়ে দেন। রাফিনহার একটি নিখুঁত পুল-ব্যাক থেকে চমৎকার এক শটে গোল করেন তরুণ সেনসেশন।
আসন্ন টুর্নামেন্টের আগে দুই দলই তাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে বেশ কিছু কৌশলগত পরিবর্তন আনে। ম্যাচের শেষ দিকে মিসরীয়রা চাপ দিয়ে খেললেও রক্ষণভাগ জমাট রেখে দক্ষিণ আমেরিকানরা জয়ের দেখা পায়।
বিশ্বকাপের আগে দুই ম্যাচে দুই জয় ও ৮ গোলে নিজেদের প্রস্তুতি সারল ব্রাজিল। এই জয় তাদের জন্য আত্মবিশ্বাস যোগাবে, অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক নিয়েই মাঠ ছেড়েছে মিসর।