২০ ঘণ্টা ধরে নিখোঁজ কিশোর, কুবি শিক্ষকের আকুতি ‘আমার ছেলেকে বাঁচান’

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল। পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। ফোনের লোকেশন ট্র্যাক করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার অবস্থান শনাক্ত করা যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে বেলা ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আমার আইফোন নিয়ে বের হয়েছিল। এরপর আর ফিরে আসেনি। সবাইকে অনুরোধ করছি, যে যেখান থেকে পারেন আমার ছেলেকে খুঁজে পেতে সহায়তা করুন।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে অপ্রতিম অটোরিকশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। সেখানে একটি ছেলের সঙ্গে হাত মেলায় এবং প্রায় এক ঘণ্টা তার সঙ্গে কথা বলে। সিসি ক্যামেরার ফুটেজে ওই ছেলেকে দেখা গেলেও পরিবার বা স্থানীয়দের কাছ থেকে তার পরিচয় শনাক্ত করা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দুটি টিম গতকাল থেকে কাজ করছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।’

অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা শাহরিয়ার (০১৭১৯-৬২৫৬৯০) অথবা মা ড. নাহিদা বেগমের (০১৭১৯-৯০০৭৬৯) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

এদিকে শিশুটির মা নাহিদা বেগম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার ছেলেকে বিকাল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩। ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই (ফেসবুকে দেওয়া ছবি) পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাতজোড় করছি, আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নেই। ফেসবুক আইডি যে ফোনে, সেটা বাসায় রেখে গেছে। আপডেট থাকলে জানাবো। আপনারা দয়া করে চেষ্টা করেন।’

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদার ১৩ বছরের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ