ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। দেশের জনসংখ্যায় নারীর পরিমাণ কিংবা ভোটারের সংখ্যা বিবেচনায় নিলেও এই পরিসংখ্যান খুব নগন্য।

তবে এই নারীরা পুরুষের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন। সংরক্ষিত আসনের মুখাপেক্ষী হয়ে থাকেননি; আর এটিই তাদের করেছে অনন্য।

বৃহস্পতিবারের নির্বাচনে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।

এর মধ্যে বিএনপির ৬ নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

সংসদ সদস্য হিসাবে সরাসরি ভোটে জিতে সংসদে যাওয়া নারীরা হলেন, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনের তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনের নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয় নিশান উড়িয়ে জাতীয় সংসদে স্থান করে নেওয়া এই সাত নারী দেশের মূল রাজনীতিতে অবদানের পাশাপাশি নারী উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা আপামর মানুষের।