গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে মাত্র এক সপ্তাহে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত রয়েছেন নারী ও শিশুসহ আরও ৯ জন। তাদের মধ্যে ওই এলাকার সালামের স্ত্রী সুলতানা বেগম (৩৯) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় একের পর এক মৃত্যুর কারণে আতঙ্কিত হয়ে পড়েছে আহতদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে উদ্বিগ্ন হয়ে উঠেছে পুরো গ্রামসহ আশেপাশের এলাকার মানুষ।
মৃত আফরোজা বেগম উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী বাজার এলাকার মতিয়ার রহমানের স্ত্রী। মঙ্গলবার দুপুর ২টার দিকে (বাদ জোহর) তার দাফন সম্পন্ন হয়েছে।
মৃত বাকি তিনজন হলেন, কঞ্চিবাড়ি গ্রামের খোকা রামের স্ত্রী নন্দ রানী (৫৫), একই গ্রামের নাইব উদ্দিনের ছেলে ফুলু মিয়া (৫২) ও রতনেশ্বর বর্মণ (৪২)। তাদের মধ্যে রতনেশ্বর বর্মণ পার্শ্ববর্তী ছাপরহাটী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোকা বর্মণের ছেলে। পেশায় তিনি ছিলেন কাঠমিস্ত্রী। ঘটনার দিন বজরা কঞ্চিবাড়ি এলাকায় কাজে এসে কুকুরের কামড়ের শিকার হন রতনেশ্বর।