পবিত্র হজ পালনের জন্য সরকারি অনুমতি বা পারমিট গ্রহণ করা ইসলামী শরিয়ত অনুযায়ী বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যথাযথ অনুমতি ছাড়া হজ পালন করা ইসলামী আইনের পরিপন্থী।
হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে, অতিরিক্ত ভিড় এড়াতে এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতাগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই পারমিট ব্যবস্থা চালু করা হয়েছে। শায়খ সুদাইস উল্লেখ করেন, এসব নিয়ম মেনে চলা আল্লাহর নির্দেশিত ইবাদতের প্রতি সম্মান প্রদর্শন এবং ধর্মীয় শৃঙ্খলারই অংশ।
তিনি সতর্ক করে বলেন, নিয়ম লঙ্ঘন করে হজে অংশ নিলে তা সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্য হাজিদের জন্য ক্ষতির কারণ হতে পারে, যা ইসলামী আইনে কঠোরভাবে নিষিদ্ধ। হাজিরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ এবং নিরবচ্ছিন্ন পরিবেশে ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পারমিট পদ্ধতি।