খাল খনন কার্যক্রম

দিনাজপুর থেকে দেশব্যাপী ৫৩ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
সাহাপাড়া খাল পুনঃখননে দিনাজপুরের কাহারোল উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখনন মেগা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই দেশব্যাপী কর্মসূচির শুভ সূচনা করবেন তিনি। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সোমবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন। কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কি

লোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে একযোগে দেশের ৫৩টি খালের কাজ উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে আয়োজিত একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খনন করা অনেক খাল বর্তমানে ভরাট হয়ে যাওয়ায় সেচব্যবস্থা ও মৎস্য চাষ ব্যাহত হচ্ছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচ সুবিধার উন্নয়ন, মাছ চাষ ও হাঁস পালনসহ গ্রামীণ অর্থনীতিতে গতি ফেরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বিত প্রচেষ্টায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে। খাল খননের পাশাপাশি পাড় সংরক্ষণ, বাঁধ নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও এর অন্তর্ভুক্ত থাকবে।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সাহাপাড়ার এই ১২ কিলোমিটার খাল খননের ফলে স্থানীয় প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এটি একদিকে যেমন বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করবে, অন্যদিকে শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করবে।

রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। দিনের শেষভাগে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে একটি ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ